দিনের বেলায় রোদের তাপ এখনো খুব একটা কমেনি। তবে মাঝরাতে ফ্যানের গতি কমিয়ে দেওয়া কিংবা শেষরাতে গায়ে কাঁথা জড়িয়ে নেওয়ার মধ্য দিয়ে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বইতে শুরু করেছে হিমেল হাওয়া।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর থেকে দেশে শীতের তীব্রতা বাড়তে পারে। এ মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শীত মৌসুমে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি কুয়াশা, লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
আবহাওয়াবিদদের মতে, ভৌগোলিক অবস্থানের কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি আগে শুরু হয়। তবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এ বছর অনুভূত তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে।
এদিকে রাজধানী ঢাকাসহ কয়েকটি বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। রাতে কিছুটা হিমেল হাওয়া অনুভূত হলেও দিনের বেলায় শীতের প্রভাব এখনো তেমনভাবে দেখা যাচ্ছে না।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্যান্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।









