মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নম্বরপ্লেট লাগাতে হবে।

তবে নম্বরপ্লেট সংযোজনের ক্ষেত্রে বিআরটিএর নির্ধারিত পাঁচটি শর্ত মানতে হবে। এ বিষয়ে সংস্থাটির এক গণবিজ্ঞপ্তিতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ জন্য মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম মেনে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।

বিআরটিএর নির্ধারিত পাঁচটি শর্ত হলো—

1. নম্বরপ্লেটের উপাদান: ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।

2. রং ও অক্ষর: সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

3. নকশা: নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধন বা অতিরিক্ত নকশা করা যাবে না।

4. স্কুটারের নম্বরপ্লেটের মাপ: স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

5. অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ: স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতাও কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। এ ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।

নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।