কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বলে দাবি করলেও দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই লক্ষ্য প্রতিফলিত হচ্ছে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের নামে যেসব কর্মকাণ্ড ঘটছে, তা গ্রহণযোগ্য রাজনীতি হতে পারে না। ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও থানায় আগুন দেওয়ার মতো ঘটনাকে তিনি দেশ ধ্বংসের প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন।
সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি, আওয়ামী লীগসহ সব দলকে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থ পরিহার করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলনের আমির বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা ভুল করেছি। যাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসালাম, পুরোনোরাই নতুনভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।”









