বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
শিক্ষাজীবন ও রাজনীতিতে প্রবেশ
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চশিক্ষা শুরু করেন তিনি।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন। দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও পালন করেন।
পরবর্তী সময়ে এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একাধিক মামলার মুখোমুখি হন তিনি। ওই সময় নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও রয়েছে। পরে লন্ডনে যান এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করেন।
দেশে ফেরা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের সমাগম হয় বলে দলীয় সূত্রে জানা যায়।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুই আসনেই বিজয়ী হন তিনি। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
জন্মদিনে দোয়া ও মোনাজাত ও কর্মসূচি
জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও এতিমখানা, উত্তর বারিধারায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এতিমদের মধ্যে খাবার বিতরণেরও আয়োজন রয়েছে।
এ ছাড়া দলীয় নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।









