পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাঁচ দেশের কূটনীতিক। বৃহস্পতিবার সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বৈঠকগুলোতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বৈঠকে অংশ নেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এ সময় দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

কূটনৈতিক সূত্রের দাবি, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করেও এসব বৈঠক হয়ে থাকতে পারে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাটির রায় ঘোষণা করা হচ্ছে।

স্থানীয় সময় সকাল ১০টায় নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেসে আদালতের প্রকাশ্য অধিবেশন শুরু হয়। এ সময় আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি রায় পড়া শুরু করেন। আইসিজের এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মামলায় রোহিঙ্গাদের ওপর নৃশংসতার মাধ্যমে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলাটি ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ নামে পরিচিত। বিশ্বের ১১টি দেশ এই মামলায় পক্ষভুক্ত হয়েছে।