বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তার দাবি, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ছিল ‘বিদ্বেষমূলক মামলা’।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগের জেরে গত বছর যুক্তরাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল তাকে।

যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। তার শাসনামলে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন শেখ হাসিনা।

অন্যদিকে, বাংলাদেশের অভিযোগ ছিল, শেখ হাসিনার সরকারের কাছ থেকে অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন সুবিধা নিয়েছিলেন টিউলিপ।

গত বছরের ডিসেম্বরে দুর্নীতির অভিযোগে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেন। তার অনুপস্থিতিতে আরও ১৬ জনের সঙ্গে এ মামলার বিচার সম্পন্ন হয়। অভিযোগে বলা হয়, ঢাকার কাছে পরিবারের জন্য জমির প্লট বরাদ্দ পেতে খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটিয়েছিলেন তিনি। তবে লন্ডনে বসবাসরত টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এর আগে এক সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেছিলেন টিউলিপ। তার দাবি, শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের কারণে তিনি পরিস্থিতির শিকার হয়েছেন।

সম্প্রতি গুটো হ্যারি ও ডেভিড ডেভিসের উপস্থাপনায় ‘পলিটিকস আনলিশড’ নামের একটি পডকাস্টে কথা বলতে গিয়ে টিউলিপ জানান, তিনি একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন। ওই আইনজীবী তাকে জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি থাকতে পারে।

টিউলিপের ভাষ্য, তার বিরুদ্ধে করা মামলাটি ছিল বিদ্বেষমূলক। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখছেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে ড. ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ আরও দাবি করেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে তিনি বারবার চেষ্টা করেছেন। এ জন্য তার আইনজীবীরা বাংলাদেশের সরকারকে চিঠিও পাঠিয়েছিলেন। তবে সেসব চিঠির কোনো জবাব পাওয়া যায়নি বলে অভিযোগ তার।

তিনি জানান, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন। তার সঙ্গে সরাসরি দেখা করে কথা বলার চেষ্টা করলেও ড. ইউনূস রাজি হননি বলে দাবি করেন টিউলিপ।

নিজের বিরুদ্ধে দেওয়া রায়ের বিষয়ে টিউলিপ বলেন, তিনি জানতেন যে নির্দোষ। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের সতর্কবার্তার মাধ্যমে প্রথম জানতে পারেন যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এদিকে, এ বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন টিউলিপ। নিরাপত্তা হুমকি পাওয়ার পর স্টারমার তাকে বার্তা পাঠিয়েছিলেন বলে জানান তিনি।

তবে টিউলিপকে ঘিরে রাজনৈতিক বিতর্কের একপর্যায়ে স্টারমারও চাপের মুখে পড়েন। এ প্রসঙ্গে টিউলিপ বলেন, স্টারমারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর রাজনৈতিক উদ্যোগে তিনি শুরু থেকেই সমর্থন দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজেকেই তার রাজনৈতিক পথের বাধা হয়ে দাঁড়াতে হয়েছে বলে মনে করেন তিনি।