দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

বুধবার (৭ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ৭ অক্টোবর থেকে দুই নেতার পদ স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, চিঠিতে তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

citytouch 728-X-90

এর আগে আদালতে বিচারাধীন একটি জমি বিরোধ নিয়ে দলীয় কার্যালয়ে সালিশের নোটিশ দেওয়ার অভিযোগে গত ৩ অক্টোবর মতিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি।

এ বিষয়ে মতিউর রহমান বলেন, দুই পক্ষকে বসিয়ে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া তার ভুল ছিল। তিনি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। পদ স্থগিতের সিদ্ধান্তকে দলের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই মেনে নিয়েছেন বলেও জানান তিনি।

অন্যদিকে, হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে সম্প্রতি ১২ বছরের এক শিশু ও তার মাকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগ অস্বীকার করে চুন্নু দাবি করেন, ওই শিশুটি চুরির সঙ্গে জড়িত ছিল।

পদ স্থগিতের বিষয়ে হাফিজুর রহমান বলেন, দলের উচ্চপর্যায়ের নেতারা দলের স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তিনি বিএনপির সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

জেলা বিএনপি জানিয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি রক্ষায় তারা কঠোর অবস্থানে রয়েছে। দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।