সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের শারীরিক আঘাত ছাড়াই রক্ষা পেয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান তিশা। তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
তিশার এই পোস্টের পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে দুর্ঘটনাটি ঠিক কোথায় এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি অভিনেত্রী।
জানা গেছে, দুর্ঘটনার পর মানিকগঞ্জের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে আর যোগ দেননি তানজিন তিশা। পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি বাতিল করে তিনি ঢাকায় ফিরে আসেন।
ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।










