ভারতের তরুণদের নির্বাচনী জবাবদিহি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশটিতে বিক্ষোভকারী, আন্দোলনের সংগঠক ও সাংবাদিকদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, নয়াদিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারী, সংগঠক ও সাংবাদিকদের আটক, ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা এবং যন্তর মন্তরে বিধিনিষেধ আরোপ মৌলিক স্বাধীনতার জন্য হুমকি। নির্বাচনের স্বচ্ছতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে ওঠা প্রশ্নের জবাব বাধা বা সেন্সরশিপের মাধ্যমে নয়, বরং স্বচ্ছতার সঙ্গে দেওয়া প্রয়োজন।
বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার তরুণদের সংগ্রাম পরস্পরের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশের আন্দোলনের সময় ভারতীয় শিক্ষার্থী, লেখক ও স্বাধীন মতপ্রকাশকারীদের সংহতির কথাও স্মরণ করেন তিনি।
বিবৃতিতে ভারতের শাহিনবাগ আন্দোলন এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদকে গণতান্ত্রিক প্রতিরোধের উদাহরণ হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম। বাংলাদেশের জুলাই আন্দোলনে নারীদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, কর্তৃত্ববাদ, সাম্প্রদায়িক বিদ্বেষ ও রাজনৈতিক অসহিষ্ণুতার বিরোধিতা করা প্রয়োজন। ধর্ম, জাতপাত, লিঙ্গ ও শ্রেণিনির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ভারতীয় কর্তৃপক্ষের প্রতি শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা, আটক আন্দোলনকারীদের অবস্থান ও আটকের আইনি ভিত্তি প্রকাশ এবং অধিকার চর্চার কারণে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের সুযোগ নিশ্চিত করার কথাও বলেন তিনি।
বিবৃতিতে দীর্ঘদিন ধরে কারাবন্দী শরজিল ইমাম ও উমর খালিদের প্রসঙ্গও তুলে ধরেন নাহিদ ইসলাম। তাঁদের পাশাপাশি ভারতের তরুণ বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ফ্যাসিবাদ ও বিভাজনের হাতে ছেড়ে দেওয়া যাবে না। তরুণদের ঐক্যবদ্ধ থাকা এবং সাম্প্রদায়িক বিদ্বেষ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে বিবৃতি শেষ করেন তিনি।










