শেরপুরের শ্রীবরদীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জহুরুল ইসলাম নামে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার রাতে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

গ্রেপ্তার জহুরুল ইসলাম উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তিনি ভুক্তভোগী স্কুলছাত্রীর চাচা। তাঁর মেয়ে ওই ছাত্রীর বান্ধবী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) দুপুরে বান্ধবীর খোঁজে জহুরুল ইসলামের বাড়িতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা ওই ছাত্রীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত জহুরুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

citytouch 728-X-90

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।