বাংলাদেশ সম্পর্কে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ভুল ধারণা দূর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম সম্মেলনে অংশগ্রহণ শেষে রোববার (১১ অক্টোবর) দেশে ফিরে তিনি এ কথা জানান।
গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশের জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এ অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হয়েছে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধি দলে ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। এ ছাড়া সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম সফরে অংশ নেন।
স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।
উল্লেখ্য, আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধির অন্তর্ভুক্তি আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।










