দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিশেষ ট্রেন চালু ও সাপ্তাহিক বিরতি বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বন্ধ সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।

citytouch 728-X-90

তিনি জানান, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে ঢাকা স্পেশাল-৩ চলাচল করবে। এ ছাড়া ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে টুরিস্ট স্পেশাল-১ ও টুরিস্ট স্পেশাল-২ আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলাচল করবে। একই দিন অর্থাৎ ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।

পূজার ছুটিতে ঘরমুখী যাত্রীদের চাপ সামলাতে কয়েকটি নিয়মিত ট্রেনের সাপ্তাহিক বিরতিও বাতিল করা হয়েছে। পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবরের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে। এ ছাড়া পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক বন্ধও থাকবে না।

রেলওয়ে জানিয়েছে, অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে ট্রেনে বাড়তি কোচ সংযোজন, রেললাইন ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের যাতায়াত আরও স্বস্তিদায়ক ও নিরাপদ করার লক্ষ্য নেওয়া হয়েছে।