সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির ধারাবাহিক বৈঠক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তাঁর মতে, বৈঠকগুলো সরাসরি সম্প্রচার করা হলে সংবিধান নিয়ে বিভিন্ন পক্ষের মতামত সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারবেন এবং সেগুলো তুলনা ও বিশ্লেষণ করার সুযোগ পাবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
পোস্টে তাজনূভা জাবীন উল্লেখ করেন, সম্প্রতি বিশেষ কমিটি বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সঙ্গেও বৈঠক হয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং থেকে তিনি জানতে পেরেছেন, আগামী ২৪ অক্টোবর আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী বৈঠক হওয়ার কথা রয়েছে।
এসব বৈঠক বিটিভিতে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং গণভোটের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া সাধারণ মানুষ আলোচনাগুলো সরাসরি শুনতে পারবেন।
তাজনূভা জাবীনের মতে, সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হলে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সঙ্গে বর্তমান বৈঠকগুলোর পার্থক্য স্পষ্ট হবে। সংবিধান নিয়ে বিভিন্ন পক্ষ কী মতামত দিচ্ছে, জুলাই সনদে দেওয়া মতামতের সঙ্গে বর্তমান প্রস্তাবগুলোর কী কী পার্থক্য রয়েছে, সেসব বিষয়ও জনগণের কাছে পরিষ্কার হবে। পাশাপাশি বিভিন্ন মতামত তুলনা ও বিশ্লেষণ করা সহজ হবে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এই আয়োজন জনগণের স্বার্থে করা হচ্ছে; এটি কোনো দলীয় বিষয় নয় কিংবা রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়ও নয়। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা আগে সরাসরি সম্প্রচার করা হয়ে থাকলে সংবিধান সংশোধনবিষয়ক বর্তমান বৈঠকগুলো সরাসরি সম্প্রচারে আপত্তি কোথায়, সে প্রশ্নও তোলেন তিনি।










