দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্বাভাবিক রাখা এবং গ্যাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব দুটি উপস্থাপন করা হয়। অনলাইনে জুম প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রথম প্রস্তাবে চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি সরবরাহের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(১) ও ১০৭(১) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।
দ্বিতীয় প্রস্তাবে জাতীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডলইস্ট লিমিটেড এফজেডই।
এই প্রস্তাবের ক্ষেত্রেও সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান সভার বিষয়টি জানান।










