আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকার পর ২৪ অক্টোবর থেকে পুনরায় চালু হবে।

বুধবার (১৪ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক চিঠিতে ছুটির বিষয়টি জানানো হয়েছে।

citytouch 728-X-90

বন্দর কর্তৃপক্ষ জানায়, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি জানানো হয়েছে। সে অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) থেকে শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম এবং কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক বদিউজ্জামান।

ছুটি শেষে শনিবার (২৪ অক্টোবর) থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।