ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে তিহার কারাগারে পাঠানো হয়েছে। দিল্লির যন্তর মন্তরে অনধিকার প্রবেশ এবং মুচলেকার শর্ত ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে দলটির আরেক নেতা অজিঙ্কা শিনডেকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদের জন্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার ভোরে যন্তর মন্তরে প্রবেশের পর তিন নেতাকে আটক করে দিল্লি পুলিশ। বুধবার পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগের দিন যন্তর মন্তরকে বিক্ষোভ প্রদর্শনের স্থান হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল।
সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে বন্ডের শর্ত ভঙ্গ এবং আইন লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। সিজেপির আইনজীবী অভিশ্ত হেলার ভাষ্য অনুযায়ী, বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে দিল্লি পুলিশ দাবি করে, দুই নেতা লোকজনকে যন্তর মন্তরে আসার আহ্বান জানিয়েছিলেন। এর মাধ্যমে তারা অপরাধমূলকভাবে সেখানে অনধিকার প্রবেশ করেন বলে অভিযোগ পুলিশের।
এ ছাড়া আগে দেওয়া মুচলেকায় শান্তিভঙ্গ না করার যে অঙ্গীকার তারা করেছিলেন, তা ভঙ্গের অভিযোগও আনা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সিজেপির আইনজীবী অভিশ্ত হেলা। তার দাবি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা মুচলেকার কোনো শর্ত লঙ্ঘন করেননি।










