ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শান্তিপূর্ণ বিক্ষোভের কারণে তরুণদের কারাগারে পাঠানোকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে কারাগারে পাঠানো হয়। এর আগে কেন্দ্রীয় সরকার যন্তর মন্তরকে বিক্ষোভ প্রদর্শনের স্থান হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করেছিল।
বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের সময় যন্তর মন্তরে পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। এ কারণে তরুণদের কারাগারে পাঠানো কাপুরুষোচিত কাজ।
তিনি আরও বলেন, বিভিন্ন নাগরিক সংগঠন, শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক জোটের ব্যানারে যে বিক্ষোভ হচ্ছে, সেগুলোর মূল দাবি একই। নাগরিকদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব আন্দোলন পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রাহুল গান্ধী তাঁর বক্তব্যে শিক্ষার্থী, তরুণ, সাংবাদিক ও ইন্ডিয়া জোটের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর মতে, ব্যানার আলাদা হলেও এসব বিক্ষোভের মূল উদ্দেশ্য নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষা করা।
যন্তর মন্তরকে বিক্ষোভের স্থান হিসেবে ব্যবহারের সুযোগ বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধেও কংগ্রেস লড়াই চালিয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রাহুল গান্ধী বলেন, যন্তর মন্তর ভারতের জনগণের জায়গা এবং জনগণই তা পুনরুদ্ধার করবে।
এদিকে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমর্থন জানানোর জন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন। দুই নেতাকে কারাগারে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।










