মাহফুজুর রহমান সাইমন শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পাখি শিকারিদের ফেলে যাওয়া ছয়টি ফাঁদ ও পাঁচটি বক উদ্ধার করা হয়। পরে বকগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা থেকে প্রায় চার ঘণ্টা ধরে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ও কামারিয়া ইউনিয়ন এবং নকলা উপজেলার ৫ নম্বর বানেশ্বরদী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে পাখি শিকারিরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটনাস্থল থেকে ছয়টি ফাঁদ ও পাঁচটি শিকারি বক উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বকগুলো নিরাপদে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়।
পাখি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এ সময় পাখি শিকার থেকে বিরত থাকা এবং বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার এবং ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়া শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রকৃতি-পরিবেশবিষয়ক সংগঠন শাইনের নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি, নকলা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মো. মামুন মিয়া, স্বেচ্ছাসেবক মো. গোলাম জাকারিয়া পবনসহ অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাখি শিকার বন্ধ এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









