ট্রেনের টিকিট কিনতে গিয়ে প্রতারণা ও আর্থিক ক্ষতি এড়াতে যাত্রীদের সতর্ক করেছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি জানিয়েছে, অনুমোদিত মাধ্যমের বাইরে কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি কিংবা তৃতীয় পক্ষের কাছ থেকে টিকিট কিনে প্রতারণার শিকার হলে এর দায়ভার রেলওয়ে নেবে না। এ কারণে যাত্রীদের কেবল অনুমোদিত মাধ্যম ব্যবহার করে টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ট্রেনের টিকিট কেনার জন্য নির্ধারিত ই-টিকিটিং ওয়েবসাইট, ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার ব্যবহার করতে হবে।
অনুমোদিত মাধ্যমের বাইরে থেকে টিকিট কেনা কিংবা কেনার চেষ্টা করতে গিয়ে কেউ আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার বা অ্যাকাউন্ট ব্লক হওয়ার মতো সমস্যায় পড়লে তার দায়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না বলে সতর্ক করা হয়েছে।
যেভাবে কিনবেন ট্রেনের টিকিট
যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে পারবেন। ওয়েবসাইটটির ঠিকানা হলো: https://eticket.railway.gov.bd। এ ছাড়া ‘রেল সেবা’ অ্যাপ এবং অনুমোদিত টিকিট কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।
গোপনীয় তথ্য শেয়ার না করার পরামর্শ
টিকিট কেনার সময় ব্যক্তিগত ও আর্থিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ কোনো গোপনীয় তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি এড়াতে অপরিচিত ব্যক্তি বা অননুমোদিত প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে টিকিট কেনার আগে সংশ্লিষ্ট মাধ্যমটি অনুমোদিত কি না, তা যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।








