যেকোনো ধরনের দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি এবং বাস্তবভিত্তিক নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে ঢাকায় ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও ভবন নির্মাণে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও রয়েছে। তবে এসব ঝুঁকি নিয়ে যথেষ্ট আলোচনা ও পরিকল্পনা করা হয় না। ঢাকা শহরের বর্তমান অবকাঠামো ও অপরিকল্পিত নগরায়ণ বিবেচনায় ভূমিকম্পের মতো দুর্যোগে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

citytouch 728-X-90

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বিভিন্ন শহরে পরিকল্পিত নগর ব্যবস্থা না থাকায় দুর্যোগের সময় প্রাণহানির সংখ্যা বেড়ে যেতে দেখা গেছে। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে নগর পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়গুলোকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবন নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনার নিয়ম যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নদীদূষণ রোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

রাষ্ট্রপতির মতে, দুর্যোগ মোকাবিলায় শুধু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ যথেষ্ট নয়; বরং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে আগাম প্রস্তুতি নেওয়া এবং পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করাও জরুরি। এতে দুর্যোগের সময় মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।