গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

সকাল ১০টা ৫৫ মিনিটে আদালতে পৌঁছান আইভী। পরে পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক আইনজীবী, সাংবাদিক ও সমর্থক উপস্থিত ছিলেন।

আদালতের কার্যক্রম শেষে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এ সময় তিনি বলেন, ‘জয় বাংলা দাবিয়ে রাখা যাবে না।’

citytouch 728-X-90

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিহত হন রিকশাচালক তুহিন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর এবং সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।

আদালতে শুনানিতে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, মামলাটিতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি এবং মামলায় আইভীর সংশ্লিষ্টতারও প্রমাণ মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নোটিশ দেওয়া হলেও মামলার বাদী ও নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম আদালতে হাজির হননি বলেও জানান তিনি।

আইনজীবী আরও বলেন, পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ায় তাঁরা প্রতিবেদনটি গ্রহণের পাশাপাশি আইভীর পুনরায় জামিনের আবেদন করেছেন।

অন্যদিকে, জামিনের বিরোধিতা করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন বলেন, এ জামিনের বিরুদ্ধে নারাজি পিটিশন দেওয়া হবে। এর জবাবে আইভীর আইনজীবী ও আসামিপক্ষের অন্য আইনজীবীরা কোন আইনে নারাজি পিটিশন দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। এর আগে তিনি হাইকোর্ট থেকে তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য মামলায় জামিন পেয়েছেন বলে জানা গেছে।