বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।’ তবে কাকে উদ্দেশ করে তিনি এ কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।

পোস্টটির নির্দিষ্ট কোনো ব্যাখ্যা না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। রাজনৈতিক বিশ্লেষক ও জামায়াতের কয়েকজন নেতার ধারণা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে পোস্টটি দিয়ে থাকতে পারেন শফিকুর রহমান। তবে এ বিষয়ে জামায়াত আমিরের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

রোববার (১১ অক্টোবর) বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আশঙ্কা প্রকাশ করেন, রাজনৈতিক পরিস্থিতিতে ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’ শক্তি এক হতে পারে। এ পরিস্থিতিতে দলের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ থাকা এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

citytouch 728-X-90

সময় সংবাদের সঙ্গে কথা বলা জামায়াতের তিন জ্যেষ্ঠ নেতার ধারণা, প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া হতে পারে শফিকুর রহমানের পোস্ট। তাদের দাবি, জামায়াত কখনো কোনো অপরাধীর সঙ্গে হাত মেলায়নি। তবে নেতাদের এই ব্যাখ্যা দলীয় সূত্রের ধারণা; পোস্টটির উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি জামায়াত আমির।