রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইসলাম গার্ডেন’ প্রকল্পে ফ্ল্যাট বিক্রির চুক্তি করে পুরো টাকা নেওয়ার পরও ফ্ল্যাট হস্তান্তর ও রেজিস্ট্রেশন না দেওয়ার অভিযোগ উঠেছে কপোতাক্ষ হোমস লিমিটেডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুশান্ত কুমার ভৌমিকের বিরুদ্ধে গ্রাহকদের অতিরিক্ত টাকা দাবি, দুর্ব্যবহার ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন কয়েকজন ফ্ল্যাট মালিক।
ভুক্তভোগীদের অভিযোগ, চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধের পরও নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হচ্ছে না। বরং রাজউক অনুমোদিত নকশায় নেই এমন অতিরিক্ত জায়গার কথা উল্লেখ করে আরও অর্থ দাবি করা হচ্ছে। ফ্ল্যাটের বিষয়ে জানতে গেলে গালাগাল ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছেন তারা।
‘বি/৩’ ফ্ল্যাটের মালিক হাফিজুর রহমানের দাবি, তিনি চুক্তি অনুযায়ী পুরো টাকা পরিশোধ করেছেন। এরপরও রেজিস্ট্রেশন না দিয়ে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। গত ১৫ সেপ্টেম্বর বিষয়টি জানতে অফিসে গেলে সুশান্ত ভৌমিক তার সঙ্গে দুর্ব্যবহার ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।
একই ভবনের ‘বি/৪-৫’, ‘বি/৬’ ও ‘বি/৮’ নম্বর ফ্ল্যাটের মালিকরাও নির্মাণকাজ শেষ না হওয়া, রেজিস্ট্রেশন নিয়ে অনিশ্চয়তা এবং প্রতিষ্ঠানের এমডির দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। তাদের দাবি, টাকা পরিশোধের পরও ফ্ল্যাটের মালিকানা বুঝে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ ছাড়া ফার্মগেটের রাজাবাজারে কপোতাক্ষ হোমসের আরেকটি প্রকল্পেও একই ধরনের সমস্যা রয়েছে বলে অভিযোগ করেছেন ‘বি/৭’ ফ্ল্যাটের মালিক মঞ্জুর মুর্শেদ। অন্যদিকে ‘বি/৯’ ফ্ল্যাটের মালিক সজিব জানান, তিনি ব্যাংকের মাধ্যমে নিজের ফ্ল্যাটের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কপোতাক্ষ হোমসের কার্যালয়ে গেলে সুশান্ত কুমার ভৌমিক দাবি করেন, গ্রাহকরা নিয়মিত কিস্তি পরিশোধ না করায় ফ্ল্যাটের রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। তবে বক্তব্য দেওয়ার সময় তিনি কয়েকজন ফ্ল্যাট মালিককে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহার করেন।
এ সময় তিনি ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলামকে ফোন করে একজন পুলিশ সুপারের (এসপি) নাম উল্লেখ করে ফ্ল্যাট মালিকদের বিরুদ্ধে মামলা বা জিডি নেওয়ার কথা বলেন বলেও অভিযোগ রয়েছে। তবে ভাটারা থানার ওসি জানান, কপোতাক্ষ হোমসের এমডির বিরুদ্ধে কেউ সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, বলেও জানান তিনি।










