রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি এগিয়ে চলছে। এরই মধ্যে কেন্দ্রটির প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি, রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো রূপপুরে চালু করা হচ্ছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। আধুনিক এই প্রযুক্তি কেন্দ্রটির নিরাপদ পরিচালনা, কার্যকারিতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের তথ্য অনুযায়ী, তাদের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহ করা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় ৪৩টি সিস্টেমের অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির সাহায্যে চুল্লির স্থিতিশীলতাসহ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কার্যক্রমের সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে। এর ফলে কেন্দ্রটির পরিচালনব্যবস্থার নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
অপারেটরদের সহায়তা করবে ডিজিটাল প্রযুক্তি
নতুন ব্যবস্থাটির গুরুত্বপূর্ণ অংশ হলো অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম। বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। প্রথম ইউনিটে ইতোমধ্যে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে এবং প্রাথমিক চালুকরণ কার্যক্রমেও এটি ভূমিকা রাখছে। দ্বিতীয় ইউনিটেও একই প্রযুক্তি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, এই প্রযুক্তি বিদ্যুৎকেন্দ্রের পরিচালন কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওআইএসএস প্রায় ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য অস্বাভাবিকতা বা বিচ্যুতি শনাক্ত করতে পারে। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে অপারেটরদের সহায়তা দিতে এতে ৮০টিরও বেশি নির্দেশিকা রয়েছে।
প্রযুক্তিটি জটিল পরিচালনাসংক্রান্ত তথ্য সহজভাবে উপস্থাপন করবে। ফলে নিয়ন্ত্রণকক্ষের কর্মীরা দ্রুত পরিস্থিতি বুঝতে পারবেন এবং তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন। বিশেষ করে অস্বাভাবিক বা জরুরি পরিস্থিতিতে এটি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।
নিরাপত্তা ও পরিচালন দক্ষতা বাড়ানোর লক্ষ্য
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সহযোগিতার অন্যতম বৃহৎ প্রকল্প। একই সঙ্গে আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ।
রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম ওআইএসএস বাস্তবায়ন করা হচ্ছে। নতুন এই ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় কমানো, পরিচালন ব্যয় হ্রাস এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের নির্ভরযোগ্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জেনারেশন ৩+ প্রযুক্তিতে নির্মিত হচ্ছে রূপপুর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি স্থাপন করা হচ্ছে। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট।
কেন্দ্রটিতে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অপারেটর সহায়ক প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে এর পরিচালন কার্যক্রম আরও নিরাপদ ও দক্ষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতির অংশ হিসেবে এসব প্রযুক্তির বাস্তবায়ন প্রকল্পটির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।








