১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১৪ দিনের সফরে চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াতি সভায় বক্তব্য দেবেন। সফরে ব্যবসায়ী ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে।
এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকার বিমানবন্দরে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের সহায়তার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার কারণে ৬০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এতে হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকার বিমানবন্দরে আটকা পড়েছেন। সীমিত আয়ের এসব শ্রমিকের থাকা-খাওয়ার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ফ্লাইট বাতিলের কারণে শ্রমিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ পরিস্থিতিতে সরকারের উদ্যোগে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।










