ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের ১০ প্রতিভাবান তরুণ খেলোয়াড়কে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে জায়গা পেয়েছেন বিভিন্ন দেশের উদীয়মান ফুটবলাররা। তালিকায় ছেলেদের পাশাপাশি মেয়েদের ফুটবলের তিন প্রতিভাবান খেলোয়াড়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের দক্ষতা ও সম্ভাবনা তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মেসির নির্বাচিত তালিকায় আর্জেন্টিনা, জার্মানি, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, স্পেন, নেদারল্যান্ডস ও ব্রাজিলের তরুণ খেলোয়াড়েরা জায়গা পেয়েছেন।
তালিকায় রয়েছেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের তরুণ প্লেমেকার তোমাস আরান্দা। কারিগরি দক্ষতা, সৃজনশীলতা ও মাঠে দৃষ্টিনন্দন পারফরম্যান্সের জন্য আলোচনায় থাকা এই ফুটবলারের প্রতিভা নজর কেড়েছে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিরও। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের দলেও তাকে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
তবে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন আরান্দা। ডান পায়ের ফিবুলার হাড় ভেঙে যাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে মেসির নির্বাচিত তালিকায় জায়গা পাওয়া তার জন্য বিশেষ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তালিকায় আরও রয়েছেন জার্মানির আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তুর্কি বংশোদ্ভূত ফুটবলার জান উজুন, মেক্সিকোর তিহুয়ানা ক্লাবের গিলবার্তো মোরা এবং ইংলিশ ক্লাব আর্সেনালের তরুণ প্রতিভা ম্যাক্স ডাউম্যান। এর মধ্যে গিলবার্তো মোরাকে ঘিরে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ নিয়ে আলোচনা রয়েছে। সম্ভাব্য আগ্রহী ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার নামও উঠে এসেছে।
ছেলেদের ফুটবলের পাশাপাশি মেয়েদের ফুটবলের উদীয়মান প্রতিভাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রচারণায়। তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের চেলসির ক্লোয়ি সারউই, ব্রাজিলের ওএল লিওঁর জিওভান্না ওয়াকসম্যান এবং জার্মানির হামবুর্গার এসভির লোটা ভ্রেডে। তাদের অন্তর্ভুক্তির মাধ্যমে নারী ফুটবলের ভবিষ্যৎ সম্ভাবনাকেও তুলে ধরা হয়েছে।
মেসির নির্বাচিত বাকি তিন তরুণ ফুটবলার হলেন যুক্তরাষ্ট্রের জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ এবং নেদারল্যান্ডসের কেস স্মিট। নিজ নিজ দেশের ফুটবলে সম্ভাবনাময় হিসেবে বিবেচিত এই খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য।
মেসির বাছাই করা ১০ তরুণ ফুটবলার ও তাঁদের ক্লাব:
১. তোমাস আরান্দা — আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স
২. জান উজুন — তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
৩. গিলবার্তো মোরা — মেক্সিকো, তিহুয়ানা
৪. ম্যাক্স ডাউম্যান — ইংল্যান্ড, আর্সেনাল
৫. জেভিয়ার গোজো — যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস
৬. হেসুস রদ্রিগেজ — স্পেন, কোমো ১৯০৭
৭. কেস স্মিট — নেদারল্যান্ডস, এজেড আলকমার
৮. ক্লোয়ি সারউই — ইংল্যান্ড, চেলসি
৯. জিওভান্না ওয়াকসম্যান — ব্রাজিল, ওএল লিওঁ
১০. লোটা ভ্রেডে — জার্মানি, হামবুর্গার এসভি
বিশ্ব ফুটবলে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের পরিচিতি বাড়ানোর ক্ষেত্রে মেসির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের মধ্যে কারা আগামী দিনে নিজেদের দক্ষতা দিয়ে বিশ্বমঞ্চে আলো ছড়াবেন, সেটিই এখন দেখার বিষয়।










