রাজশাহী নগরীর কেদুর মোড় এলাকায় নিজ বাড়ি থেকে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটিকে সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে।
রোববার (১১ অক্টোবর) রাতে নগরীর কেদুর মোড় এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী খাতুন ওই বাড়িতে একাই বসবাস করতেন। দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও তাঁর কোনো সাড়া না পেয়ে বাড়িতে ভাড়া থাকা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা ও প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেলী খাতুনের চার সন্তানই দেশের বাইরে থাকেন। কয়েক বছর আগে তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন।
বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় গৃহকর্মীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।










