বাগেরহাটের চিতলমারীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুণী এলাকার হকক্যানেল নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লোকজ সংস্কৃতির এ ঐতিহ্য উপভোগ করতে নদীর দুই পাড়ে নারী, পুরুষ, শিশু ও কিশোরসহ হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।
নৌকাবাইচের ঐতিহ্য ধরে রাখতে বড়গুণী যুবসংঘের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঘোলা, দলুয়াগুণী ও বড়গুণী এলাকার বিভিন্ন নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় দৃষ্টিনন্দন নৌকাগুলোর ছন্দময় বৈঠা চালানো, মাঝিমাল্লাদের দক্ষতা এবং ঐতিহ্যবাহী সারিগান দর্শকদের মুগ্ধ করে।
বাদ্যের তালে তালে প্রতিযোগীদের বৈঠা চালানোর দৃশ্য দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন দর্শনার্থীরা। তাদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নৌকাবাইচকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি এসএম হুমায়ুন কবির। এ সময় শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নোয়াব আলী, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নাসির উদ্দিন শেখ, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবলু শেখ, বিএনপি নেতা মাহমুদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে ঘোলা এক্সপ্রেস প্রথম স্থান এবং কলিগাতী এক্সপ্রেস দ্বিতীয় স্থান অর্জন করে। ঐতিহ্যবাহী এ আয়োজন স্থানীয় মানুষের মধ্যে আনন্দ-উৎসবের পাশাপাশি গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ধরে রাখার গুরুত্বও তুলে ধরে।









