প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের দিলকুশায় যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও করেছেন জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

রোববার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে এসব দাবি জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা, নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতি বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা, যাচাই-বাছাইয়ের নামে হয়রানি এবং মৌখিক পরীক্ষার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা। এ ছাড়া বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।

citytouch 728-X-90

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘প্রশ্নফাঁস বন্ধ করো, মেধার অধিকার নিশ্চিত করো’সহ বিভিন্ন স্লোগান দেন। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বেকার যুবকদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

পরে বেলা পৌনে ১টার দিকে পাঁচ দফা দাবি তুলে ধরে ঘেরাও কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম বলেন, শনিবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনা থেকে বোঝা যায়, সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুবকদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তার অভিযোগ, নিয়োগপ্রক্রিয়ায় বাণিজ্য চলছে।

তিনি আরও বলেন, এত বড় অভিযোগ ওঠার পরও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।