রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, দুই মোটরসাইকেল আরোহী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে ককটেল বিস্ফোরণ ঘটান। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।
ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি জানান, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন। তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাটির সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।










