রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলাটি করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

citytouch 728-X-90

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্যের অভিযোগ উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনার পর ওই চারজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশ। পরে মামলার প্রক্রিয়া শেষে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।