চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করা হয়। রোববার (১১ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর।
পুলিশ জানায়, শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর সদর মডেল থানা এলাকায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ১১ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মতলব দক্ষিণ থানা পুলিশ ২৩ গ্রাম গাঁজাসহ দুজনকে এবং মতলব উত্তর থানা পুলিশ ২৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে।
এ ছাড়া হাজীগঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ দুজন, শাহরাস্তিতে ছয় পিস ইয়াবাসহ দুজন এবং কচুয়ায় পাঁচ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলার বিভিন্ন এলাকায় মোট ৭০ জনকে আটক করা হয়। এর মধ্যে হাইমচরে একজন, ফরিদগঞ্জে ১৪ জন, মতলব উত্তরে আটজন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে ১৭ জন এবং কচুয়ায় ১৬ জন রয়েছে। যাচাই-বাছাই শেষে আটক কিশোরদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের হটলাইনে জানানোর আহ্বান জানান তিনি।










