নাটোরের গুরুদাসপুরে শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে গুলি করার পর ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতির আশঙ্কায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব। তিনি উপজেলার চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে।

citytouch 728-X-90

শাকিলের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে নুর একাডেমির কাছে পৌঁছালে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় গুলির আঘাত থেকে বাঁচতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে হামলাকারীরা পেছন থেকে ধাওয়া করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় শাকিলের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজ এ ঘটনার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।

তবে শাকিলের ওপর হামলার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো জানা যায়নি।