বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি পরিত্যক্ত দুটি বস্তা থেকে ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের কাছে একটি স্টিলের সেতুর নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় পরিচালিত অভিযানে সেতুর নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লেবুভর্তি দুটি বস্তা তল্লাশি করা হয়। এ সময় বস্তা দুটির ভেতরে ১০টি প্যাকেটে রাখা মোট ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা পাওয়া যায়। এসব মাদকের কোনো মালিক পাওয়া যায়নি।
উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। সেগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান বন্ধে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।










