মোঃ আঃ রহমান শিপন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ১ নম্বর বামনডাঙ্গা ইউনিয়নের জামাল মৌজা থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. আবুল মনছুর এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা।
বক্তব্যের শুরুতে ফ্যামিলি কার্ডের উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এম এ গাফফার মোল্লা। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. আবুল মনছুর বলেন, তথ্য সংগ্রহকারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সুপারভাইজারকে যথাযথভাবে তদারকি করতে হবে, যাতে তথ্য সংগ্রহে কোনো ধরনের ত্রুটি না থাকে।
তিনি আরও বলেন, এ কার্যক্রম সফল করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলোতেও তথ্য সংগ্রহ করা হবে। সরকারের এ উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সাগীর খান, যুগ্ম আহ্বায়ক মমতাজ মণ্ডল ও বেলায়েত হোসেন সবুজ, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম রফিক, আফজাল হোসেন ও মো. নুরুন্নবী মিয়া, কৃষক দলের সভাপতি মো. ফজলুল হক বসুনিয়া, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা ইনজামাম আজম এবং মো. নাজমুল হুদাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আবদুল মতিন মিয়া। সঞ্চালনা করেন মো. বেলায়েত হোসেন সবুজ। এ সময় তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত চারজন তথ্য সংগ্রহকারী, একজন সুপারভাইজার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










