ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। পুলিশের দাবি, এর আগে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিল্পী বেগমের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় একটি কাপড়ের ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিল্পী বেগমকে একমাত্র আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক হাসান শিকদার। পরে বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, শিল্পী বেগমকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পিসিআর যাচাই করে আগের ২০টি মামলার তথ্য পাওয়া গেছে। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।










