মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ এ নির্দেশনা জানায়। এতে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের দিকে মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট বসাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, নম্বরপ্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। প্লেটের পটভূমি হবে সাদা এবং তার ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এতে কোনো নকশা বা অতিরিক্ত সাজসজ্জা রাখা যাবে না।

citytouch 728-X-90

বিআরটিএ স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের আলাদা মাপ নির্ধারণ করেছে। স্কুটারের প্লেট হবে ২০০ মিলিমিটার লম্বা ও ১০০ মিলিমিটার চওড়া। অন্য সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে মাপ হবে ২৮৫ মিলিমিটার লম্বা ও ৫০ মিলিমিটার চওড়া। উভয় ক্ষেত্রেই নম্বরের হরফের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর কথা উল্লেখ করে বলা হয়েছে, মোটরসাইকেলের পেছনে আরএফআইডিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেটের নিয়ম আগে থেকেই রয়েছে। এবার ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।