শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূজার সময় নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের সব সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় রীতি ও আচার অনুযায়ী উৎসব পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

citytouch 728-X-90

জামায়াত আমির বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীও নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। দেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন—এটাই প্রত্যাশা।

শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।