কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতের পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং অন্তত পাঁচজন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন ওই রিসোর্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রিসোর্টটি পুরোপুরি পুড়ে গেছে। উদ্ধার অভিযানে একের পর এক মরদেহ বেরিয়ে আসে। নিহতদের সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি। একই সঙ্গে রিসোর্টে ঘটনার সময় কতজন অবস্থান করছিলেন, সেটিও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, আগুনের পর রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি তারা পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।









