দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। দীর্ঘ অভিনয়জীবনে তারকাখ্যাতি, সম্মান ও বিপুল জনপ্রিয়তা অর্জন করলেও নিজের অতীত ভুলে যাননি তিনি। বরং আজও নিজেকে বাস কন্ডাক্টর হিসেবেই ভাবতে ভালোবাসেন এই বর্ষীয়ান অভিনেতা।

নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমাকে ঘিরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নিজের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন রজনীকান্ত। সেখানে পরিচালকের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, অভিনয়কে ভালোবাসলেও বাস কন্ডাক্টর হিসেবে কাজ করার স্মৃতি আজও তাঁকে গভীরভাবে নাড়া দেয়।

অনুষ্ঠানে পরিচালক নেলসন দিলীপকুমার রজনীকান্তের বিনয়ী স্বভাবের রহস্য জানতে চান। তাঁর প্রশ্ন ছিল, এই বিনয় কি অভিনেতার স্বভাবজাত, নাকি অন্যদের কথা ভেবে তিনি নিজেকে এভাবে ধরে রাখেন?

citytouch 728-X-90

জবাবে রজনীকান্ত বলেন, তিনি অভিনয় করতে খুব ভালোবাসেন। তবে বাস কন্ডাক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। জীবনের পাঁচ বছর এই পেশায় কাটিয়েছেন তিনি। সেই দিনগুলোর কথা এখনো তাঁর মনে পড়ে এবং তিনি সেসব স্মৃতি ভীষণভাবে মিস করেন।

রজনীকান্তের ভাষায়, তারকাখ্যাতি, যশ ও প্রতিপত্তি থাকলেও তিনি কখনো নিজেকে তারকা হিসেবে ভাবতে পারেননি। বরং নিজের পুরোনো পরিচয়, বাস কন্ডাক্টরের জীবনকেই বেশি আপন মনে হয় তাঁর।

তিনি আরও জানান, এ কারণেই প্রায়ই বেঙ্গালুরুতে যান। বাস কন্ডাক্টরদের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়। নিজের অতীতের সেই অভিজ্ঞতার সঙ্গে বর্তমান জীবনকে মিলিয়ে দেখেন তিনি। তাই বড় তারকা হিসেবে নয়, একজন সাধারণ বাস কন্ডাক্টর হিসেবেই নিজেকে দেখতে ভালো লাগে তাঁর।

রজনীকান্তের এমন বক্তব্য শুনে হেসে ওঠেন পরিচালক নেলসন। অনুষ্ঠানে উপস্থিত অন্যরাও হাততালি দিয়ে অভিনেতাকে উৎসাহ দেন। পরিচালক জানান, রজনীকান্তের কাছ থেকে এমন উত্তরই তিনি আশা করেছিলেন।

কন্ডাক্টর থেকে সুপারস্টার হওয়ার গল্প

রজনীকান্তের জন্ম বেঙ্গালুরুতে এক মারাঠি পরিবারে। ছোটবেলায় রামকৃষ্ণ মঠে বেদশিক্ষা গ্রহণের সময় তাঁর মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। মঠের নাটকে অভিনয় করতে গিয়েই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্ম নেয়।

পড়াশোনা শেষে জীবিকার প্রয়োজনে বিভিন্ন ধরনের কাজ করেছেন তিনি। কুলি থেকে বাস কন্ডাক্টর—জীবনের শুরুর দিকে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।

পরবর্তী সময়ে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনার সুযোগ পান রজনীকান্ত। সেখানেই পরিচালক কে বালচন্দ্রের নজরে আসেন তিনি। এরপর তামিল সিনেমায় অভিনয়ের জন্য ভাষা শেখাসহ নানা প্রস্তুতি নেন। ধীরে ধীরে নিজের অভিনয়দক্ষতা দিয়ে জায়গা করে নেন চলচ্চিত্রজগতে।

আজ তিনি ভারতীয় সিনেমার অন্যতম পরিচিত মুখ। কিন্তু এত সাফল্যের পরও পুরোনো পরিচয়কে যেভাবে সম্মানের সঙ্গে স্মরণ করেন রজনীকান্ত, তা তাঁর বিনয়ী ব্যক্তিত্বেরই পরিচয় দেয়।