রাজধানীর ঢাকা-৬ আসনের গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারে যে দলের লোকই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, মাদকের কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। যারা বাইরে থেকে এলাকায় মাদক সরবরাহ করে, তাদের শনাক্ত ও আটক করতে এলাকাবাসীর সহযোগিতাও চান তিনি।
আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে ইশরাক হোসেন বলেন, কাউকে মারধর করার জন্য অভিযান চালানো হয়নি। তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং আইন অনুযায়ী বিচার ও শাস্তির ব্যবস্থা হবে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ছয়জনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। পদার্থটি হেরোইন কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। আসনটিকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।









