‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ প্রবাদটি উল্লেখ করে ক্ষমতার দম্ভ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা উপেক্ষা করে বিএনপি পুরোনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে ফিরে গেলে দলটিকেও জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতি, রাষ্ট্র সংস্কার এবং বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পাটওয়ারী।

পোস্টে তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সময় বিএনপির অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের হিসাব তোলা হয়নি। তখন লক্ষ্য ছিল স্বৈরাচারী শাসনের পতন। কিন্তু গণঅভ্যুত্থানের পরও যদি পুরোনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ফিরে আসে, তাহলে মানুষের আত্মত্যাগ ও প্রত্যাশার মূল্য কোথায় এ প্রশ্ন তোলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ছিল না; বরং জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি ছিল। তাঁর বক্তব্যে সংবিধানে ক্ষমতার ভারসাম্য, স্বাধীন বিচারব্যবস্থা, নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা, জবাবদিহিমূলক প্রশাসন এবং পুলিশি ক্ষমতার অপব্যবহার রোধের বিষয়গুলো উঠে আসে।

রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ক্ষমতাসীনদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তাঁর ভাষ্য, ক্ষমতার হিসাবের কাছে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা আবারও পরাজিত হবে, নাকি প্রতিশ্রুত সংস্কার বাস্তবে রূপ নেবে এখন সেটিই বড় প্রশ্ন।