কৃষক কার্ড প্রকল্পসহ সরকারি উন্নয়নকাজ বণ্টনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, টেন্ডার প্রক্রিয়া ছাড়াই ৭০০ থেকে ৮০০ কোটি টাকার কৃষক কার্ড প্রকল্পের কাজ তারেক রহমানের এক বন্ধুর কোম্পানিকে দেওয়া হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, সরকারি প্রকল্প কি এখন পছন্দের লোকজনের মধ্যে কাজ ভাগ করে দেওয়ার হাতিয়ার হয়ে উঠেছে?
পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, একদিকে সরকার সারা দেশে দরিদ্র মানুষ শনাক্ত করতে দুই হাজার কোটি টাকার বেশি ব্যয় করছে, অন্যদিকে একই সময়ে কৃষক কার্ড প্রকল্পের কাজ টেন্ডার ছাড়াই দেওয়ার অভিযোগ উঠেছে।
তিনি আরও অভিযোগ করেন, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে সেনাবাহিনীকে দেওয়া কাজটি সরকার-টু-সরকার (G2G) পদ্ধতিতে বাস্তবায়ন করা হচ্ছে। তাঁর দাবি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) থেকে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে পছন্দের লোকজনের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হচ্ছে। খাল খননসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ বণ্টনেও গত পাঁচ মাস ধরে এমন প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেন তিনি। কোথাও ই-জিপি, আবার কোথাও অন্য পদ্ধতিতে কাজ দেওয়া হচ্ছে বলেও পোস্টে উল্লেখ করেন হাসনাত।
সরকারি প্রকল্পে অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা আর্থিক ভাগ-বাঁটোয়ারার অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য। তাঁর বক্তব্য, অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে জবাবদিহির আওতায় আনতে হবে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিএমটিএফ বা অভিযুক্ত কোম্পানির বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।









