হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আওতায় বিমানবন্দরের ৮টি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।

নতুন ব্যবস্থায় যাত্রীরা মনিটরে লাগেজ হ্যান্ডলিংয়ের বিভিন্ন ধাপ সরাসরি দেখতে পারবেন। উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে নেওয়া, বাছাই এবং শেষ পর্যন্ত লাগেজ বেল্টে পৌঁছানো পুরো প্রক্রিয়াই ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে।

বেবিচক জানিয়েছে, এর ফলে যাত্রীরা নিজেদের লাগেজ কোথায় এবং কীভাবে পরিবহন করা হচ্ছে, সে সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। একই সঙ্গে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছে সংস্থাটি।

বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীদের লাগেজ সংগ্রহের সময় ভোগান্তি কমানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা চালু করা হয়েছে। যাত্রীসেবার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বেবিচক।