গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষের সদস্যসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত হোটেলটিতে এ অভিযান চালানো হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে সেখানে এসব কার্যক্রম চালানো হচ্ছিল। এ বিষয়ে তাঁরা একাধিকবার প্রশাসনকে অবহিত করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান চালায়। তবে এরপরও হোটেলটিতে গোপনে এসব কার্যক্রম চলছিল বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষের সদস্যসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পুলিশ সব সময় তৎপর রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।










