রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৪২টি মামলা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৫৬ জন, ওয়ারীতে ৬৬ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মিরপুরে ১৭৫ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে তিনজন রয়েছেন।
অভিযান চলাকালে পুলিশ ৯ কেজি গাঁজা, ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ ছাড়া বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেক, ১৪টি মোবাইল ফোন, নগদ ১৬ হাজার ২৮০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।










