রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্ট ও বার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এমরান হোসেন ওরফে বাবু ও আলমগীর কবির নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উত্তরার গরীবে নেওয়াজ এভিনিউয়ে অবস্থিত রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ২০৮ বোতল বিদেশি মদ ও ৮৫৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর উত্তরের সহকারী পরিচালক রাহুল সেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেস্টুরেন্ট ভবনের নিচতলায় সাবস্টেশন-সংলগ্ন একটি বড় সেপটিক ট্যাংকে অভিযান চালানো হয়। সেখান থেকেই এসব মদ ও বিয়ার জব্দ করা হয়েছে।
অভিযানের সময় সেলিম আলী নামে এক ব্যক্তি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় রেস্টুরেন্টটির মালিক মোক্তার হোসেনকেও মামলার আসামি করা হয়েছে। তিনি বিদেশে অবস্থান করায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জব্দ করা মদ ও বিয়ারের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে।










