রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালিয়ে ৭৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, বিদেশি সিগারেটসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৪২টি মামলা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দিনব্যাপী ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) এসব অভিযান পরিচালনা করে।
ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি ২৬৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১৯৬ জন, ওয়ারী বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় ওয়ান শুটারগান জব্দ করা হয়। এ ছাড়া ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০টি ইয়াবা, ৬ হাজার ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৪৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
জব্দ করা অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, দেড় আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল এবং ৩৭ হাজার ৫৮০ টাকা। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।










