কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতসংলগ্ন কাঠের তৈরি একটি রিসোর্টে আগুনের ঘটনায় একই পরিবারের ছয়জনসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশিকুল ইসলাম নামের এক ব্যক্তি দুইতলা থেকে লাফিয়ে প্রাণে বেঁচেছেন। নিহতদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। ছুটি কাটাতে পরিবারের সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন আশিকুল ইসলাম। আগুন ছড়িয়ে পড়লে তিনি দুইতলা থেকে লাফ দেন বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই।

আশিকুলের ভাই সংবাদমাধ্যমকে বলেন, “আমার ভাই বেঁচে আছে। সে দুই তলা থেকে লাফ দিয়েছে। ভাবিসহ তার ফ্যামিলির ৬ জন মারা গেছেন।”

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বেলা সোয়া ২টার দিকে রিসোর্টটি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে সেখানে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পুলিশ কাজ করেন।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুবক্তগীন মাহমুদ সোহেল তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন।

এ ঘটনায় দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার পাশাপাশি উদ্ধার অভিযান চলছে।