২০ বছরের পুরোনো বাস ও মিনিবাসের ফিটনেস সনদ না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার এবং ফিট থাকা গাড়ি চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতি। দাবি পূরণ না হলে আগামী ১ নভেম্বর থেকে রংপুর বিভাগে সর্বাত্মক ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বসুনিয়া। তিনি জানান, আগামী ২৯ অক্টোবরের মধ্যে দাবির বিষয়ে সুনির্দিষ্ট সমাধান না এলে ধর্মঘটের কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিআরটিএর নীতিমালা অনুযায়ী বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানের ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। এ নিয়ম কার্যকর হলে দেশে নিবন্ধিত ২০ বছরের পুরোনো প্রায় ৫৬ হাজার বড় বাস ও ২৮ হাজার মিনিবাস চলাচলের অযোগ্য হয়ে পড়তে পারে বলে দাবি পরিবহণ নেতাদের।

তাদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে নতুন নিবন্ধন পাওয়া বাসের সংখ্যা ছিল ১ হাজার ৭৩৬টি। এর মধ্যে মিনিবাস মাত্র ২২০টি। এত অল্পসংখ্যক নতুন গাড়ি দিয়ে পুরোনো বাস প্রতিস্থাপন করা হলে গণপরিবহণে সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

পরিবহণ মালিকদের দাবি, গাড়ির বয়সের পরিবর্তে বর্তমান শারীরিক অবস্থা ও ফিটনেসের ভিত্তিতে চলাচলের অনুমতি দেওয়া উচিত। তাদের মতে, পুরোনো বাসে প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তন করে ব্যবহার উপযোগী রাখলে নতুন গাড়ি কেনার তুলনায় ব্যয় কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও কমবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রংপুর বিভাগ কৃষিনির্ভর অঞ্চল হওয়ায় এখানকার অনেক পরিবহণ মালিকের পক্ষে বিপুল অর্থ ব্যয় করে নতুন বাস কেনা কঠিন। এ অবস্থায় ফিট থাকা পুরোনো বাস চলাচলের সুযোগ না দিলে মালিকদের পাশাপাশি পরিবহণ খাতের সঙ্গে যুক্ত কর্মীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে দাবি করেন নেতারা।